ভয়েস এশিয়ান, ১৮ নভেম্বর, ২০২৬।। জাতীয় সংসদে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রায় বিনামূল্যে প্রায় ১০ হাজার মানুষকে আমরা মালয়েশিয়া পাঠাতে সক্ষম হব ইনশাআল্লাহ।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিন আগে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী উনি জানিয়েছেন, মালয়েশিয়াতে আমরা আলোচনার মাধ্যমে সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যাটির সমাধান করতে সক্ষম হয়েছি।
তারেক রহমান আরও বলেন, শুধু তাই নয় আমরা সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ যাওয়ার যেই খরচটি লাগে সামান্য কিছু বিষয় আছে এখানে, শ্রমিকদের সেটা দেয়ার মাধ্যমে ১০ হাজার মানুষকে আমরা ইনশাআল্লাহ পাঠাতে সক্ষম হব।
বিনা খরচে মালয়েশিয়া পাঠাতে ১ হাজার ১০৩ জনের চাহিদাপত্র আজ বুধবার পেয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে চলতি মাসের ৬ নভেম্বর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মোট ৫১টি মেডিকেল সেন্টারের নতুন তালিকা প্রকাশ করে দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লুসিএমএস)। এর আগে মালয়েশিয়াগামীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশে মাত্র ১৭টি মেডিকেল সেন্টারের তালিকা দেয়া হয়েছিল।