ভয়েস এশিয়ান, ১৮ নভেম্বর, ২০২৬।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগের দিনের সহিংসতার ঘটনার পর থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে পুলিশ সদস্যদের থানা ত্যাগ করতে দেখা যায়। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের পোশাক, অস্ত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল ছিল।
এর আগে দুপুর ১২টার দিকে পুলিশ সদস্যরা থানায় এসে আগুনে পুড়ে যাওয়া ও ধ্বংসস্তূপের মধ্যে যেসব মালামাল অক্ষত ছিল, সেগুলো উদ্ধার করতে শুরু করেন। পরে প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামাল সঙ্গে নিয়ে নিরাপত্তার স্বার্থে তাঁরা থানা ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যান।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের একাধিক গাড়ি ও বিভিন্ন সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি হাজতখানার দরজা ভেঙে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। হামলার মুখে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে তখন থানা থেকে সরে যেতে বাধ্য হন।
এদিকে, বুধবার সকালেও থানার ভেতরে পোড়া গাড়ি, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জামের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করায় যান চলাচলও ব্যাহত হচ্ছে।