ভয়েস এশিয়ান, ২২ অক্টোবর, ২০২৬।। খুলনার দাকোপ উপজেলার দুর্গম উপকূলীয় জনপদ নলিয়ান থেকে নৌপথে মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নলিয়ানে পৌঁছে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দীর্ঘদিনের নদীভাঙন, সুপেয় পানির সংকট ও যোগাযোগ সমস্যায় ভোগান্তিতে থাকা এ জনপদের মানুষের মধ্যে তাঁর এই সফর ঘিরে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।
এর আগে সকাল ১০টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। পরে তিনি পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যান এবং সকাল ১০টা ৪৮ মিনিটে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন। নলিয়ান বাজার মোড়ে অপেক্ষমাণ শত শত মানুষ হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান। সরকারপ্রধানের আগমনকে কেন্দ্র করে দুর্গম এই উপকূলীয় অঞ্চলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। এ ছাড়া খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও জেলা প্রশাসক হুরে জান্নাতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে রয়েছেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নলিয়ান এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, পিজিআর, নৌবাহিনী ও কোস্টগার্ডের পাশাপাশি ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। এছাড়া এলজিইডির উদ্যোগে নলিয়ানের একটি গুরুত্বপূর্ণ সড়কে ইট বিছানো এবং মাঠে হেলিপ্যাড প্রস্তুত করা হয়।
সফরসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে সুন্দরবনের হিরণ পয়েন্টসহ বিভিন্ন এলাকা পরিদর্শনের পর নলিয়ানে অবতরণ করেন প্রধানমন্ত্রী। মোংলায় পৌঁছে তাঁর নৌঘাঁটি পরিদর্শন, বন্দর জেটি ও বেজার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পর্যবেক্ষণের পাশাপাশি একটি সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া সুন্দরবন এলাকায় সম্ভাব্য ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের স্থান পরিদর্শন নিয়েও আলোচনা রয়েছে। এসব উদ্যোগের ফলে দক্ষিণাঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ার আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
তবে নদীভাঙন রোধ, সুপেয় পানির স্থায়ী সমাধান এবং অবকাঠামোগত উন্নয়নের মতো মৌলিক সমস্যাগুলো নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চান নলিয়ানবাসী।