ভয়েস এশিয়ান, ২১ অক্টোবর, ২০২৬।। দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে রাজধানী ঢাকা। কমেছে যানবাহনের চাপ, নেই কর্মদিবসের চেনা যানজট। ফার্মগেট, কারওয়ান বাজার, মতিঝিলসহ ব্যস্ত এলাকাগুলোতে ফিরেছে চলাচলের স্বস্তি। তবে শহরের বাইরে যাওয়ার পথে ছিল কিছুটা ভিন্ন চিত্র। মঙ্গলবার মহাখালী, সায়েদাবাদ ও অন্যান্য বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অধিকাংশ অফিস বন্ধ থাকলেও কিছু বেসরকারি অফিস, জরুরি সেবা ও কিছু সরকারি দপ্তরে চলছে কাজ। অন্যদিকে, রাজধানীর মণ্ডপগুলোতে চলছে দুর্গোৎসবের আয়োজন।
ফাঁকা শহর ও টার্মিনালে ভিড়: সরেজমিনে দেখা গেছে, ছুটির প্রভাব পড়েছে রাজধানীর সড়কগুলোতে। গত সোমবার থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন নগরবাসী। মঙ্গলবারও অনেকে বাড়ির পথে রওনা হন। সব মিলিয়ে অফিসপাড়া ও বাণিজ্যিক এলাকার ব্যস্ততা কমেছে। সাধারণ কর্মদিবসে যে সড়কে যানজটে আটকে থাকতে হয়, সেখানে এখন তুলনামূলক সহজে চলাচল করা যাচ্ছে। গণপরিবহনের চাপ কমেছে। ব্যক্তিগত গাড়ি ও রিকশাও চলাচল করছে স্বাভাবিকের চেয়ে কম।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, ‘পূজার ছুটি ও স্কুল বন্ধ থাকায় রাজধানীর সড়কে গাড়ির চাপ কমে গেছে। এখন ট্রাফিক ব্যবস্থাপনাও খুবই সহজ হয়েছে।’ রাজধানীর যানজট নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা নানামুখী ব্যবস্থা নিয়েছি। নির্দিষ্ট স্কুলবাস চালু, প্রাইভেট কার কমানো এবং টার্মিনালগুলো স্থানান্তর করে রাজধানীর বাইরে নেওয়ার চেষ্টা চলছে।’
রাজধানীর ভেতরে চলাচল সহজ হলেও বাড়ি ফেরার পথে যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। মহাখালী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়ের বাস কাউন্টার এবং কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাবনায় গ্রামের বাড়ি যাওয়ার জন্য মহাখালী বাস টার্মিনালে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অজয় দাস জানান, ক্যাম্পাস থেকে টার্মিনালে পৌঁছাতে অন্য সময়ের তুলনায় কম সময় লেগেছে। তবে টার্মিনালে যাত্রীদের ভিড় রয়েছে।
অফিস ও মণ্ডপগুলোর চিত্র: দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের অবকাশ পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। আগামী রবিবার থেকে নিয়মিত কর্মদিবস শুরু হওয়ার কথা। ছুটিতে অধিকাংশ সরকারি অফিস ও অনেক বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জরুরি সেবা চালু রয়েছে। হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মীদের দায়িত্ব পালন করতে হচ্ছে।
রাজধানীর ঢাকেশ্বরী, রমনা, সিদ্ধেশ্বরী ও বনানীসহ বিভিন্ন মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন। পূজা ঘিরে হিন্দু সম্প্রদায়ের মানুষ ও দর্শনার্থীদের যাতায়াত রয়েছে। সড়কে যানবাহনের চাপ কম থাকায় এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যাওয়াও তুলনামূলক সহজ হয়েছে। এদিকে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁকা সড়কের ছবি ও ভিডিও প্রকাশ করছেন অনেকে। ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরলে সড়কে আবারও বাড়বে যানবাহনের চাপ।