ভয়েস এশিয়ান, ০৯ নভেম্বর, ২০২৬।। রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়, পল্লবী থানা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পাশাপাশি ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় পুলিশের অভিযানে ১২ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। এর বাইরে পৃথক ঘটনায় আরও কয়েকজনকে আটক করেছে পুলিশ ও শিক্ষার্থীরা।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ২৪ ঘণ্টার ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বারের মতো বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পালানোর সময় তিনজনকে আটক করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
সোমবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণ ঘটে সিএমএম আদালত এলাকাতেও। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুজনকে হাতেনাতে আটক করে পুলিশ। তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
একই দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় থাকা বাসটিতে অগ্নিসংযোগের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়, পল্লবী থানা, তিতুমীর কলেজ, রামপুরা-বনশ্রী, মিরপুর, তেজগাঁও ও উত্তরা এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তরায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে একাধিক স্থানে। ফার্মগেট ছাড়াও ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। ঢাকার বাইরে সাভার ও ধামরাইয়েও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এদিকে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে থানা পুলিশের হাতে চারজন, গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হাতে তিনজন গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক বার্তায় এ তথ্য জানান।
এর আগে ৫ নভেম্বর সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. এনামুল আহত হন। ওই ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত ও পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে এসব ঘটনা ঘটায় জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।