ভয়েস এশিয়ান, ১৯ সেপ্টেম্বর, ২০২৬।। বৃষ্টিপাত বাড়লে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু এলাকায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবন দেখা দিতে পারে।
পাউবো জানায়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজান, দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকা এবং সংলগ্ন এলাকায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল ছিল। আগামী এক দিন তা স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী চার দিনে এসব নদীর পানি সমতল বাড়তে পারে।
অন্যদিকে, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী পাঁচ দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে এবং আগামী তিন দিন তা অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।
উত্তরাঞ্চলের দুধকুমার ও ধরলা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তিস্তা নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী দুই দিন বাড়তে পারে এবং পরবর্তী এক দিন স্থিতিশীল থাকতে পারে।
এদিকে, চট্টগ্রাম বিভাগের পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
অন্যদিকে, গোমতী, মুহুরী ও সেলোনিয়া নদীর পানি আগামী তিন দিন কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।