ভয়েস এশিয়ান, ২৯ অক্টোবর, ২০২৫।। ঢাকার একটি আদালত চিত্রনায়ক সালমান শাহ হত্যার মামলায় তার স্ত্রী সামিরা হকের মা লতিফা হক লিও, পরিচিত নাম লুসি (৭১)-এর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। লুসি মামলার এজহারনামীয় তিন নম্বর আসামি।
মামলার তদন্ত কর্মকর্তা এ বিষয়ে আবেদন করলে মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছিল। তবে ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর মামলাটি দায়ের করেন।
মামলায় সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। সামিরার পাশাপাশি মামলার অন্যান্য আসামিরা হলেন: শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, ডেবিড, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
এর আগে, গত ২৭ অক্টোবর সালমান শাহের স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়। এর ফলে এই হত্যার মামলায় মোট তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
সূত্র: বাসস