ভয়েস এশিয়ান, ০৭ অক্টোবর, ২০২৬।। মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬০ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৯ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৯২ হাজার ২১৬ জন।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) ডেঙ্গুতে সারাদেশে ১০ জনের মৃত্যু হয়। যা ছিল চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এদিন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৯৯৬ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।