ভয়েস এশিয়ান, ০৭ অক্টোবর, ২০২৬।। মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে বুধবার (৮ অক্টোবর) মধ্যরাত থেকে বঙ্গোপসাগর, তেঁতুলিয়া নদীসহ দেশের উপকূলীয় এলাকাগুলোতে শুরু হচ্ছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে মৎস্য বিভাগ, পুলিশ, নৌপুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ টহল দল সার্বক্ষণিক মাঠে থাকবে। পাশাপাশি নিবন্ধিত জেলেদের জন্য সরকারি চাল বিতরণ কার্যক্রম জোরদার করা হচ্ছে। তবে মৌসুমের শুরু থেকেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পেয়ে দেনার দায়ে দিশেহারা হয়ে পড়েছেন উপকূলীয় অঞ্চলের হাজার হাজার জেলে পরিবার। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার,চরমোন্তাজ,মৌডুবী,বড়বাইশদিয়া, ছোটবাইশদিয়া,চালিতাবুনিয়া সহ বিভিন্ন এলাকার জেলেরা জানান, নদী ও সাগরে প্রজনন মৌসুমে অবৈধ জালের ব্যবহার, নাব্যতাসংকট ও বৈরী আবহাওয়ার কারণে আশানুরূপ ইলিশ পাওয়া যায়নি। নতুন জাল কেনা, ট্রলার মেরামত ও জ্বালানি তেলের বাড়তি দর,এনজিও, ব্যাংক ও দাদনদারদের কাছ থেকে নেওয়া বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে নিষেধাজ্ঞা শুরু হওয়ায় তীব্র আর্থিক সংকটে পরবেন তারা।