ভয়েস এশিয়ান, ০১ জুলাই, ২০২৬।। "সবার আগে দেশের সম্মান" এই প্রতিপাদ্যে সিঙ্গাপুর প্রবাসী দেশপ্রেমিক রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানাতে ভয়েস এশিয়ান ডট নিউজ ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে আয়োজন করে সিঙ্গাপুর রেমিট্যান্স যোদ্ধা এওয়ার্ডস। সিঙ্গাপুর প্রবাসী লাখো বাংলাদেশী মাইগ্রেন্ট ওয়ার্কার, আমাদের দেশের সোনার ছেলে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানাতে গত ৩ বারের সফল আয়োজনের পর এবার ৪র্থ বারের মত আয়োজিত হতে যাচ্ছে "সিঙ্গাপুর রেমিট্যান্স যোদ্ধা এওয়ার্ডস ২০২৬"। ১২টি জেনারেল ক্যাটাগরি এবং ৭টি স্পেশাল ক্যাটাগরিতে প্রদান করা হবে এওয়ার্ডস। ২ আগস্ট রেমিট্যান্স যোদ্ধা দিবসে সিঙ্গাপুরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট। রেমিট্যান্স যোদ্ধারা প্রবাসে শ্রম ও মেধা বিনিয়োগ করে অর্থ উপার্জন করে তা বৈধভাবে দেশে পাঠিয়ে সরকারের প্রবাসী আয় উত্তরোত্তর বৃদ্ধি করছেন। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চাকা গতিশীল রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন তারা।
এখানে আরো একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য এবারের এওয়ার্ডস নাইটে সিঙ্গাপুরে যে সকল রেমিট্যান্স হাউজ রয়েছে তাদের মধ্য থেকে বেষ্ট রেমিট্যান্স হাউজকে এওয়ার্ডস প্রদান করা হবে, যেসকল বাংলাদেশী প্রবাসী সিঙ্গাপুরের বিভিন্ন ভলান্টিয়ার কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের মধ্য থেকে বেষ্ট ভলান্টিয়ার একজনকে এওয়ার্ডস প্রদান করা হবে এবং সিঙ্গাপুরে থেকেও যারা কিনা কাজের ফাঁকে ফাঁকে সিঙ্গাপুরের বিভিন্ন বিষয়গুলো নিয়ে ব্লগিং করে সবার সামনে উপস্থাপন করছেন এমন একজন বেষ্ট ইউটিউবারকেও এবারের আসরে সম্মান জানানো হবে। সেইসাথে একজন বেষ্ট সোশ্যাল মিডিয়া এক্টিভিস্টকেও সম্মান জানানো হবে এবারের প্ল্যাটফর্ম থেকে। আমাদের এবারের এওয়ার্ডস মঞ্চে আরো সম্মান জানানো হবে "রাজার আগমন" শর্ট ফিল্মের কলাকুশলীদের।
১লা জুন হতে শুরু হওয়া রেজিস্ট্রেশনে ইতোমধ্যে আমাদের কল্পনারও অধিক রেজিস্ট্রেশন হয়েছে। এত অল্প সময়ে হাজার হাজার আবেদন আমাদেরকে পুলকিত করেছে। বিজয়ীর তালিকায় নিজেকে স্থান করিয়ে নেয়ার এই আবেদনই আমাদের স্মরন করিয়ে দেয় সিঙ্গাপুর প্রবাসীরা কতটা আগ্রহী এই এওয়ার্ডসের বিষয়ে। গতকাল শেষ হয়েছে রেজিস্ট্রেশনের নির্ধারিত সময়।
জমা হওয়া আবেদনের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচিত করতে ভয়েস এশিয়ানের এডিটর এন্ড সিইও ইঞ্জিঃ মোশাররফ জুয়েলের তত্ত্বাবধানে পুরো টিম কাজ করছে সাথে সিঙ্গাপুরের পরিচালনা পর্ষদ। ৫ জুলাই ভয়েস এশিয়ান বিজয়ীদের নামের তালিকা ঘোষণা করবে। বিজয়ীদের সাথে পরবর্তীতে আমাদের টিম যোগাযোগ করে এওয়ার্ডস প্রদানের তারিখ, সময় এবং ভেন্যু জানিয়ে দিবেন।
১৯৮০ সালে বাংলাদেশীরা প্রথম কাজের খোঁজে প্রবেশ করে সিঙ্গাপুরের শ্রমবাজারে। নব্বইয়ের দশকে দেশটির নির্মাণ খাতে যুক্ত হয় বাংলাদেশী কর্মীদের নাম। বর্তমানে প্রায় ১ লাখের অধিক বাংলাদেশী শ্রমিক কাজ করছে সিঙ্গাপুরে। আজকের যে মডেল রাষ্ট্র সিঙ্গাপুর তার পেছনে আমাদের দেশের প্রবাসীদের ভূমিকা বেশ অগ্রগণ্য। বাংলাদেশী শ্রমিকদের কস্টে ও ঘামে অর্জিত হয়েছে বর্তমান আধুনিক সিঙ্গাপুরের জৌলস। দেশটির নির্মাণ সেক্টর, জাহাজ নির্মাণ সেক্টর, রাস্তা-ঘাট উন্নয়ন সহ সকল উন্নয়ন সেক্টরেই রয়েছে আমাদের দেশের শ্রমিকদের বিরাট ভূমিকা। সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিতে একেবারে সাধারণ শ্রমিকের পদ থেকে সর্বোচ্চ পদেও আসীন রয়েছেন আমদের দেশের প্রবাসীরা।
উল্লেখ্য এশিয়ার বাঙ্গালী কমিউনিটির একমাত্র মুখপত্র ভয়েস এশিয়ান ডট নিউজ "বদলে যাবো, বদলে দেবো" এই শ্লোগান ধারন করে পথ চলতে শুরু করে ২০১৫ সাল থেকে। দেখতে দেখতে ১১ বছরে পথ চলছে ভয়েস এশিয়ান। একদল দক্ষ ও চৌকস তরুন নিউজ টিম নিয়ে প্রতি নিয়ত দেশ বিদেশের বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিচ্ছে সকল পাঠকের কাছে।