| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : বিশেষ প্রতিবেদন তারিখ : ১৫-০৬-২০২৬

বর্ষার মূর্ছনা নিয়ে ফিরেছে আষাঢ়


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৫ জুন, ২০২৬।। ঋতুবৈচিত্র্যের ষড়ঋতুর দেশের ১৪৩৩ বঙ্গাব্দের দ্বিতীয় ঋতু বর্ষা তথা আষাঢ়ের প্রথম দিন আজ। ঝড়-বৃষ্টি শুরু হয়েছে বেশ কদিন আগেই। কিন্তু এবার ঘটা করে হাজির হলো বর্ষা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এবার ৬ জুন মৌসুমি বায়ু দেশে প্রবেশ করলেও দুদিন আগে থেকে সারা দেশে সক্রিয় হয়েছে।

নীল গগনে কালো মেঘের চোখ রাঙানিতে আজ থেকে বৃষ্টির রাজত্ব শুরু হওয়ার কথা থাকলেও কদিন আগে থেকেই অঝোর ধারায় আকাশ কাঁদিয়ে বর্ষারানি তার আগমনের বার্তা পৌঁছে দিয়েছে ষড়ঋতুর দেশের ৫৬ হাজার বর্গমাইলে।

গতকাল রোববার জ্যৈষ্ঠের শেষ দিনে সারা দেশেই কম-বেশি বৃষ্টি হয়েছে। ময়মনসিংহে সবচেয়ে বেশি ১২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। তবে এদিন আকাশ মেঘলা থাকলেও রাজধানীতে কোনো বৃষ্টি হয়নি; যদিও আগের দুদিনে শনিবার ৩৫ ও শুক্রবার ৪৩ মিলিমিটার বৃষ্টি ঝরে।

গতকাল রবিবার রাতে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, আজ সোমবারও রাজধানীসহ সারা দেশে কম-বেশি বৃষ্টি হবে। তবে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে অধিক বৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা আরো বাড়বে। তিনি আরো বলেন, এ সময়ে বৃষ্টি হলেও তা অনেকটাই উষ্ণ বৃষ্টি, বেশি সময় ধরে না হলে তাপমাত্রা সহজে কমে না; বরং ভ্যাপসা গরম অনুভূত হয়।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের গতকাল সন্ধ্যা ৬টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এতে আজ সোমবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ষা নিয়ে কবি-সাহিত্যিকরা লিখেছেন অগণিত গান ও কবিতা। আবেগাপ্লুত হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন— বর্ষা ঋতু এলো এলো বিজয়ীর সাজে, বাজে গুরু গুরু আনন্দ-ডমরু অম্বর মাঝে।

এছাড়া ‘আয়রে মেঘ আয়রে’সহ অগণিত গান ও কবিতায় বর্ষার স্বরূপ প্রকাশ করেছেন কবি-সাহিত্যিকরা। শুধু কি তা-ই, বর্ষার আগমনে গাছে শোভাবর্ধন করে কদম ফুল। মেঘের গুড়ুম গুড়ুম গর্জনে ময়ূর নাচে পেখম তুলে।

বর্ষা আমাদের জন্য অপরিহার্য এক ঋতু। বৃষ্টি না হলে শস্যাদি জন্মাবে না, বেড়ে উঠবে না প্রাণ। বৃষ্টির অভাবে মাটি যখন অনুর্বর হয়ে যায়, তখন বর্ষা এসে তা উর্বর করে। আমাদের নদী-মাঠ-ঘাটের দেশ বর্ষায় ভরে ওঠে সবুজে-শ্যামলে। আবেগে ভরে বর্ষা সবার মনকে স্নিগ্ধ করে তোলে। পুরাতন জঞ্জাল ধুয়ে-মুছে জেগে ওঠে প্রাণচাঞ্চল্যে।

আষাঢ়ে প্রকৃতি রূপ-রঙে হয়ে ওঠে ঢলঢলে। তাপপ্রবাহে চৌচির মাঠ-ঘাট, খাল-বিল আর বনবীথিকায় জেগে ওঠে নবীন প্রাণের ছন্দ। সময়-অসময়ে ঝমাঝম বৃষ্টি, কর্দমাক্ত পথঘাট, চারধারে অথৈ পানিতে আবহমান বাংলা রূপ নেয় অপরূপ রূপবতী সলিল দুহিতায়। ফুলে ফুলে শোভিত হয় প্রকৃতি। তাল-তমাল, শাল-পিয়াল আর মরাল কপোতের বনবীথিকায় চোখে পড়ে বকুল, কদম, জারুল, পারুল, কৃষ্ণচূড়া ও রাধাচূড়াসহ অসংখ্য ফুল।

গ্রীষ্মের রুদ্র প্রকৃতির গ্লানি আর জরাকে ধুয়ে-মুছে প্রশান্তি স্নিগ্ধতা ও সবুজে ভরে তোলে আষাঢ়। প্রকৃতিপ্রেমী মানুষের কাছে তাই বর্ষা নিয়ে আসে অভিনব ব্যঞ্জনা। আর বাঙালি মননে সবচেয়ে বেশি রোমান্টিকতার সুর বেজেছে এ বর্ষা ঋতুতেই। গানে-কবিতায়-সাহিত্যজুড়ে তারই প্রতিফলন ঘটেছে নানাভাবে।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। এখন কোথাও কোথাও স্বল্প থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে ভারী বর্ষণ এখনো শুরু না হলেও ধীরে ধীরে বর্ষার বৃষ্টি বাড়বে।’

 





 

বিশেষ প্রতিবেদন

৬১ বছরে সিঙ্গাপুর: ‘মাজুলাহ সিঙ্গাপুরা, গো বিয়ন্ড!’-এর অঙ্গীকারে নতুন ভবিষ্যতের পথে

তারেক রহমান বাংলাদেশের আইকনিক প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর রেমিট্যান্স যোদ্ধা এওয়ার্ডস ২০২৬ বিজয়ী

ব্যয় সংকোচনে প্রধানমন্ত্রীর চমকপ্রদ সব সিদ্ধান্ত

কূটনৈতিক ব্যর্থতায় শ্রমবাজার হারাচ্ছে দেশ

দারিদ্র্যপীড়িত দ্বীপ থেকে বিশ্বের অন্যতম ধনী দেশ সিঙ্গাপুর

ময়লার ভাগাড়ে কোটি টাকার বাণিজ্য

আর মাত্র ৭দিন বাকী, আজই রেজিস্ট্রেশন করুন

আম উৎসব আয়োজন করল ভয়েস এশিয়ান ডট নিউজ

মালয়েশিয়ায় মানবপাচার মামলায় আলীগের ৪ মন্ত্রী এমপিকে অব্যাহতির আবেদন

বিশেষ প্রতিবেদন বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today374
Yesterday5300
TOTAL7177097