ভয়েস এশিয়ান, ১৯ সেপ্টেম্বর, ২০২৬।। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে সাম্প্রতিক ড্রোন হামলার প্রভাব পড়েছে ইউরোপের তেল সরবরাহে। এর জেরে ইউরোপের অন্তত দুটি শোধনাগারকে আগামী অক্টোবর মাসে কোনো অপরিশোধিত তেল সরবরাহ করা হবে না বলে জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো।
ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ইউরোপের বিভিন্ন শোধনাগার সাধারণত সৌদি আরব থেকে প্রতি মাসে নিয়মিত অপরিশোধিত তেল পেয়ে থাকে। তবে গত সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলার পর এটি বন্ধ করে দিতে বাধ্য হয় সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের প্রধান পূর্বাঞ্চলীয় তেল উৎপাদন এলাকাগুলো থেকে লোহিত সাগর উপকূলে অপরিশোধিত তেল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পাইপলাইন। হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের বিকল্প পথ হিসেবেও এটি ব্যবহৃত হয়।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি আগামী কয়েক দিনের মধ্যে আংশিক এবং প্রায় ছয় সপ্তাহের মধ্যে পূর্ণ সক্ষমতায় চালু হতে পারে।
সাধারণত সুমেড পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর থেকে মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর সিদি কেরিরে তেল পৌঁছানোর পর ইউরোপীয় শোধনাগারগুলো সৌদি অপরিশোধিত তেল সংগ্রহ করে। সরবরাহে বিঘ্ন ঘটায় এখন বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে ইউরোপের বিভিন্ন শোধনাগার।
পোল্যান্ডের শোধনাগার প্রতিষ্ঠান অর্লেন বিকল্প তেলের চাহিদা পূরণে গত শুক্রবার থেকে এ পর্যন্ত ১০টির বেশি টেন্ডার আহ্বান করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) সর্বশেষ তেলবাজার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুনে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ইউরোপীয় সদস্য দেশগুলো সৌদি আরব থেকে প্রতিদিন গড়ে ৫ লাখ ৭৭ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছিল।
ফলে সৌদি সরবরাহে সাময়িক এই বিঘ্ন ইউরোপীয় শোধনাগারগুলোকে বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহের ওপর বাড়তি চাপের মুখে ফেলেছে। সূত্র : আনাদোলু