ভয়েস এশিয়ান, ২৪ আগষ্ট, ২০২৬।। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার একটি সিন্ডিকেট ও রাজনৈতিক চক্রের হাতে তুলে দিয়ে দেশের স্বার্থ ক্ষুণ্ণ করার পাশাপাশি প্রবাসী কর্মীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার বিকেলে দলের পক্ষে দেওয়া এক বিবৃতিতে মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে গভীর ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। তবে সম্প্রতি কয়েকটি রিক্রুটিং এজেন্সির হাতে শ্রমবাজার জিম্মি করে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে, যা বায়রা সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
তিনি উল্লেখ করেন, দুই দেশের পক্ষ থেকে মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সিকে শ্রমিক পাঠানোর অনুমতি দেওয়ার মাধ্যমে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। অতীতেও এমন সীমিত এজেন্সির মাধ্যমে সাধারণ শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এবারও একেকজন শ্রমিকের ৬ থেকে ৭ লাখ টাকা খরচ হওয়ার আশঙ্কার কথা জানান তিনি।
গোলাম পরওয়ার জোর দিয়ে বলেন, বাংলাদেশে নিবন্ধিত দুই হাজারের বেশি বৈধ এজেন্সি রয়েছে। তাই কম খরচে ও প্রতারণামুক্ত পরিবেশে বিদেশে কর্মী পাঠাতে সব যোগ্য এজেন্সির জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে নিরাপদ প্রবাসী শ্রমবাজার নিশ্চিতের দাবি জানান তিনি।