ভয়েস এশিয়ান, ২৩ আগষ্ট, ২০২৬।। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে আসছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের ১০ সদস্যের প্রতিনিধিদল।
আগামী ২৬-২৮ অগাস্ট ১০ সদস্যের এই প্রতিনিধিদলের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের তথ্য দিয়েছেন বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য যে সহায়তা আসে, পরিমাণ হিসাবে যুক্তরাষ্ট্রের অর্থায়ন সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে, তাদের করদাতাদের অর্থ ঠিকভাবে খরচ হচ্ছে কি না, তা নিশ্চিত করা। ওই অর্থ কীভাবে খরচ হচ্ছে, মূলত তা দেখার জন্য এই পরিদর্শন।
মিজানুর রহমান বলেন, এই পরিদর্শন অনেকটা ‘অডিটের মতো’। তাদের অর্থায়নে যেসব ক্যাম্পে কার্যক্রম চলে, সেগুলোতে তারা যাবেন।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিনিয়র লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট নোয়েল ডেইনা এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের দুজন কর্মকর্তাও থাকবেন।
প্রতিনিধিদলটি ২৬ থেকে ২৭ আগস্ট উখিয়ার ছয়টি ক্যাম্প এবং পরদিন ২৮ আগস্ট টেকনাফের দুটি ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে ২০১৭ সালের ২৫ অগাস্টের পর রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে স্রোতের মতো ঢুকতে শুরু করে রোহিঙ্গারা। যা 'রোহিঙ্গা ঢল' নামে বেশি পরিচিত।
কয়েক মাসের মধ্যে সাড়ে সাত লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়। যেখানে আগে থেকেই ক্যাম্পে বসবাস করছিল আরও চার লাখ। এরপরে বিভিন্ন সময় আরও রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। যার সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে।