ভয়েস এশিয়ান, ২২ আগষ্ট, ২০২৬।। কারিগরি সংকট কাটিয়ে তিন দিন পর আবারও চালু হয়েছে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল। স্পট মার্কেট থেকে কেনা ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) এলএনজিবাহী কার্গো নির্ধারিত সময়ের একদিন আগেই দেশে পৌঁছানোয় টার্মিনালে এলএনজি খালাস শুরু হয়েছে। ফলে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ ফের বাড়তে শুরু করেছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।
এর আগে এক্সিলারেটের টার্মিনালে মজুত এলএনজি শেষ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়েছিল, যার প্রভাবে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে সংকট তৈরি হয়। নতুন কার্গো দ্রুত চলে আসায় নির্ধারিত সময়ের আগেই সরবরাহ স্বাভাবিক করার কাজ শুরু করা সম্ভব হয়েছে।
পেট্রোবাংলা জানায়, সামিটের টার্মিনাল থেকেও দৈনিক সর্বোচ্চ সক্ষমতায় গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। এক্সিলারেট এনার্জির টার্মিনাল পুরোপুরি সচল হওয়ায় বাসাবাড়ি, বিদ্যুৎ ও শিল্প কারখানায় চলমান গ্যাস ঘাটতি দ্রুত কমে আসবে।