ভয়েস এশিয়ান, ২৭ নভেম্বর, ২০২৬।। মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহে ২২ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার হাসেমবাগে যান কনস্টেবল আনোয়ার হোসেন। এসময় দুর্বৃত্তের হামলায় প্রাণ হারান তিনি।
এর আগে, গেল ৮ অক্টোবর রাতে খুলনার রূপসায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের চাপাতির কোপে প্রাণ হারান পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। এ ঘটনার পর পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একা চলাচল না করার নির্দেশ জারি করা হয়।
পরিসংখ্যান বলছে, গেল বছর সারা দেশে পুলিশের ওপর ৬০২টি হামলার ঘটনা ঘটেছে। যার বেশিরভাগই ঢাকা রেঞ্জে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হয়েছে ৪৮৪টি।
যাদের হাতে নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব; তারাই যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?
পুলিশের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাধারণ মানুষ বলেন, ‘আমরা পুলিশের কাছ থেকে নিরাপত্তা আশা করি। কিন্তু আজ দেখতে পাচ্ছি, পুলিশ সদস্যরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। যারা আমাদের নিরাপত্তা দেবেন, সেই পুলিশ ও সরকারের কাছে আমরা অবশ্যই এ ঘটনার প্রতিকার চাই। হামলার সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা না হলে এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে থাকবে।’
তবে পুলিশের দাবি, শক্তি প্রদর্শন এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্যেই টার্গেট করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
রাজনৈতিক সংবাদ
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী বলেন, ‘কোনো দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যত বেশি দুর্বল করা যায়, সেই দেশকে তত বেশি ব্যর্থ রাষ্ট্র বা অস্থিতিশীল করে তোলা সম্ভব। এ কারণেই দুষ্কৃতকারীরা সবসময় পুলিশ বাহিনীর ওপর আক্রমণ চালানোর চেষ্টা করছে। পুলিশের ওপর যতগুলো হামলার ঘটনা ঘটেছে, সেসব ঘটনায় জড়িত কেউই ছাড় পায়নি। আমরা প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছি।’
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা বন্ধে দ্রুত দৃশ্যমান বিচার নিশ্চিত করার পাশাপাশি সমাজে আইন মানার সংস্কৃতি গড়ে তোলা জরুরি।
তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন বলেন, ‘জনগণ সহযোগিতা না করলে শুধু পুলিশকে দিয়ে অপরাধ প্রতিকার ও প্রতিরোধে সর্বাত্মক ভূমিকা পালন করা সম্ভব নয়। এ ছাড়া রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহারের যে সংস্কৃতি আমাদের দেশে বিভিন্ন সময়ে দেখা গেছে, সেই ধারাবাহিকতা থেকেও পুলিশকে কীভাবে ফিরিয়ে আনা যায়, সে বিষয়েও আমাদের দৃষ্টি রাখতে হবে বলে আমি মনে করি।’
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ১০ মাসে সন্ত্রাসীদের হামলায় পুলিশের চার পুলিশ সদস্য নিহত এবং অন্তত ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।