| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ২১-১১-২০২৬

চাঁদের মাটিতে আলু ফলালেন বিজ্ঞানীরা


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ২১ নভেম্বর, ২০২৬।। পৃথিবীর উপগ্রহ চাঁদে দীর্ঘমেয়াদি গবেষণা ও বসতি গড়ার পরিকল্পনা করছে মানুষ। তবে এ পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খাবারের জোগান। দীর্ঘ সময়ের অভিযানে পৃথিবী থেকে প্রয়োজনীয় খাদ্য নিয়ে যাওয়া বাস্তবসম্মত নয়। এমন পরিস্থিতিতে চাঁদের মাটিতেই খাদ্য উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করেছেন বিজ্ঞানীরা। কৃত্রিমভাবে তৈরি চাঁদের মাটিতে সফলভাবে আলু চাষ করে দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।

পৃথিবীর মাটির সঙ্গে চাঁদের মাটির বেশ পার্থক্য রয়েছে। পৃথিবীর মাটিতে থাকা জৈব পদার্থ চাঁদের মাটিতে নেই। চন্দ্রপৃষ্ঠের এই মাটিকে বলা হয় ‘লুনার রিগোলিথ’। এটি মূলত গুঁড়ো পাথর ও ধুলোর মিশ্রণ। কোটি কোটি বছর ধরে চাঁদের পৃষ্ঠে উল্কাপাতের ফলে এসব উপাদান তৈরি হয়েছে। চাঁদের বেশির ভাগ অংশজুড়েই এই মাটি ছড়িয়ে রয়েছে।

চাঁদে দীর্ঘ সময় অবস্থান করে গবেষণা চালাতে হলে সেখানেই খাদ্য উৎপাদনের কৌশল আয়ত্ত করা জরুরি। এ ক্ষেত্রে বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা নতুন সম্ভাবনার পথ দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির উদ্ভিদ-জীববিজ্ঞানী অ্যামেরিক গয়ার ও তার সহযোগীরা কৃত্রিমভাবে তৈরি চাঁদের মাটিতে সফলভাবে আলু চাষ করেছেন। এ গবেষণায় সহায়তা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

বিজ্ঞানীরা নির্দিষ্ট কিছু আগ্নেয়গিরির শিলা ও খনিজ পদার্থ বৈজ্ঞানিক পদ্ধতিতে গুঁড়ো করে, ছেঁকে এবং তাপ দিয়ে প্রক্রিয়াজাত করে চাঁদের কৃত্রিম মাটি তৈরি করেন। এই মাটিকে বলা হয় ‘সিমুলেটেড রিগোলিথ’। প্রকৃতিগতভাবে এটি চন্দ্রপৃষ্ঠের মাটির সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ।

তবে চাঁদের রিগোলিথে নাইট্রোজেন না থাকায় সেখানে সরাসরি ফসল উৎপাদন করা কঠিন। গবেষণায় ব্যবহৃত কৃত্রিম মাটিতেও নাইট্রোজেন ছিল না। এ সমস্যা সমাধানে বিজ্ঞানীরা মাটির সঙ্গে বিভিন্ন অনুপাতে জৈব সার মিশিয়ে পরীক্ষা চালান।

পরীক্ষায় দেখা যায়, কৃত্রিম আলোর মধ্যে নির্দিষ্ট পরিমাণ জৈব সার মেশানো রিগোলিথে আলু চাষ করা সম্ভব। যে কৃত্রিম মাটিতে কোনো জৈব সার মেশানো হয়নি, সেখানে আলুগাছের শিকড় বা কন্দ তৈরি হয়নি। অন্যদিকে ৯৫ শতাংশ রিগোলিথের সঙ্গে ৫ শতাংশ জৈব সার মেশানো মাটিতে আলুগাছের শিকড় ও কন্দ তৈরি হয়েছে।

আর ৩০ শতাংশ জৈব সার মেশানো রিগোলিথে উৎপাদিত আলু দেখতে পৃথিবীর মাটিতে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওরেগন অঞ্চলে উৎপাদিত আলুর মতো হয়েছে।

গত বৃহস্পতিবার ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণার জন্য বিজ্ঞানীরা গ্রিনহাউসে সূর্যের আলো ও কৃত্রিম আলো ব্যবহার করেছেন। সেখানে দিনের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়েছিল।

এ গবেষণায় বিজ্ঞানীরা ‘মোডক’ নামের বিশেষ জাতের আলু ব্যবহার করেছেন। এই জাতের আলু তুলনামূলক দ্রুত ফলন দেয়। গবেষকদলের প্রধান অ্যামেরিক গয়ার বলেন, ‘অন্য অনেক ফসলের তুলনায় নির্দিষ্ট পরিমাণ জমিতে অনেক বেশি ক্যালোরির জোগান দিতে পারে আলু। এটি খুবই পুষ্টিকর। কলার চেয়েও বেশি পটাশিয়াম থাকে এতে। রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং প্রোটিন। এটি খেলে পেটও অনেকক্ষণ ভরা থাকে।’

তবে গবেষণায় উৎপাদিত আলুর স্বাদ কেমন হয়েছে, তা পরীক্ষা করেননি বিজ্ঞানীরা। গয়ার জানিয়েছেন, উৎপাদিত সব আলুই গবেষণাগারে পাঠানো হয়েছে। সেখানে সেগুলো বিশ্লেষণ করা হবে।

চাঁদের মাটিতে খাদ্য উৎপাদন নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আরও গবেষণা চলছে। গত মার্চে জৈব সার মেশানো কৃত্রিম রিগোলিথে ছোলা চাষের একটি গবেষণার তথ্য প্রকাশ্যে আসে। এ ছাড়া টমেটো, শাক ও শিমজাতীয় উদ্ভিদ নিয়েও গবেষণা করছেন বিজ্ঞানীরা।

চাঁদে আলু চাষের এই সাফল্য মহাকাশে দীর্ঘমেয়াদি অভিযানের জন্য খাদ্য উৎপাদনের সম্ভাবনা তৈরি করেছে। তবে প্রকৃত চন্দ্রপৃষ্ঠের মাটিতে এই পদ্ধতি কতটা কার্যকর হবে এবং উৎপাদিত খাবার মানুষের জন্য কতটা নিরাপদ হবে, তা জানতে আরও গবেষণার প্রয়োজন।

 





 

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

মেয়াদ ফুরাচ্ছে গঙ্গা চুক্তির, দিল্লির মুখে কুলুপ; হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেও পুরোনো বুলি

রোহিঙ্গা গণহত্যায় জড়িত মিয়ানমারের সেনাবাহিনী: আইসিজে

ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন ট্রাম্প-শি-পুতিন

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ধ্বংসস্তূপেও থামেনি কোরআন শিক্ষা, যুদ্ধবিধ্বস্ত গাজায় ১০০০ হাফেজকে সংবর্ধনা

যেভাবে গেছেন সেভাবেই ফিরবেন হাসিনা? সামরিক বিমান প্রসঙ্গে যা বলল ভারত

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

মক্কায় আছড়ে পড়ল হুতিদের দুই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

তুরস্কে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online13
Today5590
Yesterday7377
TOTAL7857025