ভয়েস এশিয়ান, ২০ অক্টোবর, ২০২৬।। ইরান সমর্থিত হুথি বাহিনীর একের পর এক হামলার মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর রিয়াদে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) সম্মেলন হওয়ার কথা ছিল। মঙ্গলবার আয়োজকরা জানান, সম্মেলনটি আগামী বছর অনুষ্ঠিত হবে। নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
এবারের সম্মেলনটি ছিল আয়োজনের দশম আসর। সৌদি আরবের অর্থনীতি তেলনির্ভরতা থেকে বের করে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তির মতো খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা তুলে ধরতে এ সম্মেলনের আয়োজন করা হয়। বিপুল বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যেও সম্মেলনটি গুরুত্বপূর্ণ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সুইজারল্যান্ডের দাভোস সম্মেলনের আদলে একে অনানুষ্ঠানিকভাবে ‘মরুভূমির দাভোস’ বলা হয়।
মঙ্গলবার সম্মেলনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়বদ্ধতা থেকেই সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘এটি আমাদের দশম এবং বিশেষ গুরুত্বপূর্ণ আয়োজন। আমরা চাই, সম্মেলনটি যেন প্রত্যাশিত পরিসর, অসাধারণ মান ও স্মরণীয় প্রভাব নিশ্চিত করতে পারে। আমাদের অংশীদারদের প্রাপ্য আয়োজন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’
এবারের সম্মেলনে গুগল ও অ্যালফাবেটের প্রেসিডেন্ট এবং প্রধান তথ্য কর্মকর্তা রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ফিঙ্কের অংশ নেওয়ার কথা ছিল।