ভয়েস এশিয়ান, ০২ অক্টোবর, ২০২৬।। বিদেশি মিশন থেকে পালিয়ে গেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার চার কর্মকর্তা। চারজনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও সদস্য। চার কর্মকর্তার পালানোর বিষয়টি এনএসআই সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুনদিল্লি মিশনের উপপরিচালক নাসির, কলকাতা উপহাইকমিশনে কর্মরত মাহমুদুল হাসান পলাশ এবং দুবাই মিশন থেকে যুগ্ম পরিচালক বদরুল পালিয়েছিলেন। সবশেষে গত জুলাই মাসে নতুনদিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পালান আশরাফ হোসেন নামে একজন ফিল্ড অফিসার ।
এর মধ্যে বাংলাদেশে যাওয়ার কথা বলে পরিবারসহ গোপনে যুক্তরাষ্ট্রে চলে যান নতুনদিল্লির কনস্যুলার শাখার আশরাফ। তিনি এখন পর্যন্ত সরকারি চাকরিবিধি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে কোনো রিপোর্ট করেননি।
আশরাফের যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য ভিসা পেতে নতুনদিল্লি মিশন থেকে নোট ভারবাল দেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে। সেই নোট ভারবালের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাঁকে ভিসা প্রদান করে।
নতুনদিল্লি মিশনের উপপরিচালক নাসিরও যুক্তরাষ্ট্রে পালিয়েছেন। তিনি নতুনদিল্লি থেকে ঢাকায় যান। ঢাকা থেকে পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তাঁর ভিসার জন্যও নতুনদিল্লির কনস্যুলার শাখা থেকে নোট ভারবাল দেওয়া হয়েছিল।
এর আগে ৫ আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে লন্ডনে চলে যান কলকাতা উপহাইকমিশনে কর্মরত মাহমুদুল হাসান পলাশ। গত ৫ আগস্ট লন্ডনে আয়োজিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তিনি অনলাইনে বক্তব্য দেন। পলাশ ছাত্রজীবনে বুয়েটে ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর দুবাই মিশন থেকে পালিয়েছিলেন যুগ্ম পরিচালক বদরুল। তিনিও এখন পর্যন্ত পলাতক রয়েছেন। এই চারজনের বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
জানা গেছে, বিদেশি মিশনগুলোর কনস্যুলারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এখনো বিগত সরকারের সময়ে নিয়োগপ্রাপ্তরা বহাল রয়েছেন। ফলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য সহজে পাচার হওয়ার ঝুঁকি রয়েছে।
এ বিষয়ে এনএসআইয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিকভাবে কেউ বক্তব্য দিতে রাজি হননি।
সূত্র: এশিয়া পোস্ট।