ভয়েস এশিয়ান, ২১ আগষ্ট, ২০২৬।। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। ধান কাটতে যাওয়ার পথে গোরোনিও এলাকার গোরাউ নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এতে প্রাণ হারানো ব্যক্তিদের একটি বড় অংশই শিশু।
স্থানীয় সূত্র জানায়, বর্ষার তীব্র স্রোত ও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌযানটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। জাতীয় অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের স্থানীয় ব্যবস্থাপক আবদুল কাদির ইউসুফ জানান, নিহত শিশুদের অধিকাংশের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে এবং এ পর্যন্ত প্রায় ৪০টি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ১৬ জনকে।
কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা ঘোষণা না করলেও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি মসজিদের সামনে অন্তত ৫০টি মরদেহ দাফনের অপেক্ষায় রাখা ছিল। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
নাইজেরিয়ার নদী ও জলপথগুলোতে অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের নড়বড়ে অবস্থা এবং নিরাপত্তা বিধিমালার সঠিক প্রয়োগ না থাকায় বর্ষাকালে প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও দেশটির ইয়োবে রাজ্যে একই ধরনের নৌকাডুবিতে ২৫ জনের মৃত্যু হয়েছিল।